কালিয়াকৈরে মাদ্রাসা সুপারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাজবাড়ী এবাদিয়া দারুল উলুম মাদ্রাসার ৪৮ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারায় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এলাকাবাসী ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, এবাদিয়া দাখিল মাদ্রাসার সুপার জসিম উদ্দিনের দুর্নীতির কারণে চলতি বছর ৪৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় শিক্ষার্থীরা জসিম উদ্দিনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেছে। মামলার পর থেকে তিনি পলাতক। এ বিষয়ে প্রথম আলোসহ কয়েকটি দৈনিকে খবর প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার আতাউর রহমান খান, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) আশরাফুজ্জামান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবির মুরাদকে (ইউএনও) নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল দুপুরে তদন্ত কমিটি মাদ্রাসায় আসে। এ সময় শত শত এলাকাবাসী, পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা তদন্ত কমিটির সামনে মাদ্রাসার সুপার জসিম উদ্দিনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তদন্ত দলের কর্মকর্তারা সুপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবির মুরাদ জানান, প্রাথমিক তদন্তে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া মাদ্রাসা সুপার ছুটি না নিয়েই চার-পাঁচ দিন ধরে অনুপস্থিত রয়েছেন।