কালিয়াকৈরে মেরামতকালে ট্রাকচাপায় চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বিকল ট্রাক মেরামতের সময় চাপা পড়ে গতকাল মঙ্গলবার সকালে চালক নিহত হয়েছেন। এ ছাড়া উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোয়ালবাথান নামক স্থানে গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক (নবাবগঞ্জ-ট ০২০০৩৬) চাকা ফেটে বিকল হয়ে পড়ে। এরপর মেরামতের জন্য চালক সফিক উদ্দিন (৪৫) ও সহযোগী আ. সামাদ (৩৫) ট্রাকের নিচে জগ (গাড়ি উঁচু করার যন্ত্র) লাগিয়ে কাজ করছিলেন। একপর্যায়ে জগটি ছিটকে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে চালক সফিক উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আর সহযোগী সামাদ গুরুতর আহত হন। নিহত চালকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত সামাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অপরদিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল সকালে চন্দ্রাগামী আজমেরী পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো-ব ১৪-৪২১৭) একটি টেম্পোকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই সড়কের পাশে অবস্থিত একটি কারখানার ভেতরে ঢুকে পড়লে কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের জানান, বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত: পৃথক ঘটনায় কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় গতকাল মঙ্গলবার রাতে তিনটি কোম্পানির পরিবেশকের গাড়িতে একদল ছিনতাইকারী হামলা চালিয়েছে। এ সময় ছিনতাইকারীরা ওই পরিবেশকের বিক্রয় প্রতিনিধি মোশারফ হোসেনকে (৩০) ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে সাত লাখ ৫৬ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।