কালিয়াকৈরে যানবাহন ভাঙচুর বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল শুক্রবার শ্রমিকেরা যানবাহন ভাঙচুর, বিক্ষোভ ও তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। বাসের চাপায় মো. রুবেল (২২) নামের এক শ্রমিক নিহতের গুজবে তাঁরা এ ঘটনা ঘটান। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।রুবেল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিপুর গ্রামের হজরত আলীর ছেলে। তিনি ওই এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিক।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার তেলিরচালা এলাকায় গতকাল সকাল পৌনে আটটার দিকে রুবেল সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। মুহূর্তের মধ্যে ওই কারখানায় খবর পৌঁছায় রুবেল মারা গেছেন। এ খবরে প্রায় তিন হাজার শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন। পরে তাঁদের সঙ্গে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও যোগ দেন। শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে আজমেরী পরিবহনসহ ২৫-২৬টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকেরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদের বের করে আনতে কারখানার ফটকগুলোতে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ ছাড়া শ্রমিকেরা ওই সড়কে আজমেরী পরিবহন বন্ধের ও সড়কে গতিরোধক দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। সকাল নয়টার দিকে কালিয়াকৈর থানা-পুলিশ, কোনাবাড়ি মহাসড়ক পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।পরে সকাল সাড়ে ১০টার দিকে বিজিএমইএর পরিচালক মো. নাছির উদ্দিন ঘটনাস্থলে আসেন। তিনি শ্রমিকদের দাবি অনুযায়ী গতিরোধক তৈরির ব্যবস্থা করার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। এরপর বেলা ১১টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে তিন ঘণ্টা সড়ক অবরোধের ফলে উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, রুবেলকে প্রথমে কোনাবাড়ি আধুনিক ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনার পর এটিএস কারখানা এক দিনের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।