কালিয়াকৈরে রপ্তানিমুখী কারখানা রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকার একটি রপ্তানিমুখী কারখানা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মালিকপক্ষ। গতকাল বুধবার দুপুরে কারখানার সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে টাওয়েল টেক্স লিমিটেড নামের ওই কারখানার ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাৎ হোসেন লিখিত বক্তব্য তুলে ধরেন। তাঁর অভিযোগ, যথাযথ ক্ষতিপূরণ ছাড়াই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য কারখানাটির স্থাপনা ভাঙছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন। কারখানা রক্ষায় তিনি প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানান।

তবে চার লেন প্রকল্পের (সাসেক) কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের ক্ষতিপূরণ হিসেবে ৯৯ লাখ টাকা দেওয়া হয়েছে। কারখানার কর্মকর্তারা স্ট্যাম্পে সই করে সেই টাকা গ্রহণ করেছেন। তারপরও তাঁরা সরকারি প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করে আসছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, টাওয়েল টেক্স কারখানায় শতভাগ রপ্তানিমুখী টেরি টাওয়েল তৈরি করা হয়। কারখানাটির বার্ষিক রপ্তানির পরিমাণ চার মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এখানে প্রায় দেড় হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য এ কারখানার ২৮ শতক জমি অধিগ্রহণ করে সওজ। ওই জমিতে চারতলার (প্রতি তলায় ৩৫০০ বর্গফুট জায়গা) একটি ভবন ছিল। অধিগ্রহণের পর ভবনটি ভেঙে ফেলে সওজ। এ জন্য প্রতি বর্গফুটের বিপরীতে কারখানা কর্তৃপক্ষকে মাত্র ৮০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। তিন শতাধিক গাছ ও জমির কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসেন বলেন, ভাঙা অংশের পাশে সম্প্রতি নিরাপত্তা দেয়াল নির্মাণ করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু কোনো নোটিশ ছাড়াই গত মঙ্গলবার চার লেন প্রকল্পের কর্মকর্তারা সেটি ভাঙতে আসেন। এ সময় তাঁরা (কারখানার কর্মকর্তারা) একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায় দেখান। তা সত্ত্বেও কারখানার নিরাপত্তা দেয়ালটি ভেঙে ফেলা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মো. আনোয়ার হোসেন কালিয়াকৈর থানায় অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন ছাড়াও কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) কাজী নূরুজ্জামান তুহিন, সহকারী পরিচালক মো. জাহিদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।