কালিয়াকৈরে রেললাইনে আরেকটি অজ্ঞাত লাশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রাজশাহী-জয়দেবপুর রেললাইনের পাশের একটি ডোবায় পড়ে রয়েছে অজ্ঞাত আরেকটি লাশ। খবর পেয়ে গতকাল শনিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গেলেও লাশটি উদ্ধার করা হয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, কালিয়াকৈরের মৌচাক রেলস্টেশনের পাশে রতনপুর এলাকায় রেললাইনের পাশে একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। তবে রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশটি সেখানেই পড়ে ছিল।মৌচাক ফাঁড়ি পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ডোবায় পড়ে থাকতে দেখে। তবে তারা লাশটি উদ্ধার না করেই চলে আসে। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে রয়েছে কালো চেক জামা ও জিনসের প্যান্ট। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম হোসেন বলেন, রেললাইনের পাশে লাশটি থাকায় সেটি উদ্ধারের দায়িত্ব রেলওয়ে পুলিশের। বৃহস্পতিবার থেকে আগের সাত দিনে ওই এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় ১২টি লাশ।