কালিয়াকৈরে র্যাব পরিচয়ে ছিনতাই
ওয়্যারলেস সেটসহ র্যাবের পোশাক পরা পাঁচ-ছয়জন লোক হঠাৎ একটি যাত্রীবাহী বাসের গতি রোধ করে। এরপর বাসে উঠেই তারা ব্যবসায়ী হারুন মিয়াকে হাতকড়া পরিয়ে বলে, ‘তুই জাল টাকার ব্যবসা করিস, তোর বিরুদ্ধে মামলা আছে।’ পরে তারা বাস থেকে হারুনকে নামিয়ে নিয়ে বাসটি ছেড়ে দেয়। এরপর হারুনের কাছে থাকা এক লাখ টাকা লুট করে তারা তাঁকে ছেড়ে দেয়।ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়াপাম্প এলাকায় গত বুধবার দুপুরে। এ ঘটনায় ওই দিনই ব্যবসায়ী হারুন কালিয়াকৈর থানায় মামলা করেন।এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বলিয়াদী এলাকার চালকল ব্যবসায়ী হারুন বুধবার দুপুরে নগদ এক লাখ টাকা নিয়ে কালিয়াকৈরগামী কেপি পরিবহনের একটি বাসে ওঠেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা জোড়াপাম্প এলাকায় পৌঁছালে মাইক্রোবাসে করে আসা র্যাবের পোশাক পরিহিত ছিনতাইকারীরা বাসটির গতি রোধ করে। তারা বাসের ভেতরে উঠে নিজেদের র্যাব পরিচয় দিয়ে হারুনকে নামিয়ে নেয় এবং বাসটি ছেড়ে দেয়। পরে তারা হারুনকে মাইক্রোবাসে উঠিয়ে একটি বনের ভেতর নিয়ে যায়। সেখানে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ওই টাকা কেড়ে নেয়।এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন এলাকায় গত তিন মাসে একই কায়দায় কমপক্ষে ছয়-সাতটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কয়েকজন কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এর কোনো সুরাহা করতে পারেনি।মামলার সত্যতা নিশ্চিত করে গতকাল কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গাজীপুরের র্যাব-১-এর উপপরিচালক মিলু মিয়া বিশ্বাস বলেন, ছিনতাইকারী ওই চক্রটি ধরার জন্য র্যাবের সদস্যরা মহাসড়কগুলোতে নজরদারি করছেন।