কালিয়াকৈরে র‌্যাব পরিচয়ে দুই ব্যবসায়ীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে গতকাল রোববার র‌্যাব পরিচয়ে দুই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। এ সময় তাঁদের সঙ্গে থাকা চার লাখ টাকা রেখে পরে দুজনকেই ছেড়ে দেওয়া হয়। ব্যবসায়ী দুজন হলেন: সিরাজুল ইসলাম (৩০) ও কাওসার হোসেন (৩২)। অপহূত ব্যক্তিদের পরিবার ও পুলিশের ভাষ্যমতে, স্থানীয় ওই দুই মাছ ব্যবসায়ী ডাচ্-বাংলা ব্যাংক সফিপুর শাখা থেকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দুই লাখ ৪০ হাজার টাকা তোলেন। পরে মাছ বিক্রির আরও এক লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিজস্ব পিকআপ ভ্যানে চালকসহ পাঁচজন উপজেলার বোয়ালী ইউনিয়নের চা-বাগানের উদ্দেশে রওনা দেন। পথে মৌচাক-ফুলবাড়িয়া সড়কের মুরাদপুর এলাকায় পৌঁছালে সাদা রঙের একটি মাইক্রোবাস তাঁদের পথ রোধ করে। অস্ত্রের মুখে কালো পোশাকধারী পাঁচ-ছয়জন তরুণ নিজেদের র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ী সিরাজুল ও কাওসারকে টাকাসহ মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তারা পরে সিরাজুলকে সদর উপজেলার জিরানী ও কাওসারকে কালিয়াকৈরের মৌচাকে ফেলে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। বিকেল চারটার দিকে তাঁদের দুজনকে উদ্ধার করা হয়।সিরাজুলের শ্বশুর মো. লাবিব উদ্দিন জানান, ওই তরুণেরা র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে অপহূত ব্যক্তিদের মারধর করে টাকা লুটে নেয়।