কালিয়াকৈরে শিক্ষককে লাঞ্ছিত করলেন ছাত্রলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার কলেজশিক্ষক হেলালউদ্দিনকে লাঞ্ছিত করেছেন ছাত্রলীগের এক নেতা। ওই ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন করেন। একই সঙ্গে তাঁরা জড়িত ব্যক্তির শাস্তির দাবি করে স্মারকলিপি পেশ করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের নবীনবরণ উপলক্ষে ২৮ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পালন করছেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হেলালউদ্দিন। অনুষ্ঠানের একটি খসড়া দাওয়াতপত্র গত সোমবার কলেজে আনা হয়। ওই দাওয়াতপত্রে সহযোগিতাকারীদের নামের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আনোয়ার হোসেনের নাম দ্বিতীয় স্থানে থাকায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে আনোয়ার অধ্যক্ষের কক্ষে ঢুকে সব শিক্ষকের উপস্থিতিতে প্রভাষক হেলালউদ্দিনকে গালাগাল করেন ও ধাক্কা দেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে কলেজের সব শিক্ষক ও সাধারণ ছাত্রছাত্রী ক্লাস বর্জন ও এক প্রতিবাদ সভার আয়োজন করেন। কলেজের অধ্যক্ষ জসিমউদ্দিন বলেন, কলেজের ব্যবস্থানা কমিটির সভাপতি স্থানীয় সাংসদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।