কালিয়াকৈরে শিশুকে যৌন নির্যাতনের দায়ে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় এক শিশুকে (৭) যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ গতকাল বৃহস্পতিবার মাহফুজ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে দিনাজপুরের পার্বতীপুর থানার দন্ধপানি গ্রামের মকবুল হোসেনের ছেলে। শিশুটির পরিবার ও পুলিশ জানায়, নির্যাতনের শিকার শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ১৯ আগস্ট বিকেলে এক সঙ্গীর সঙ্গে বাড়ির পাশে খেলছিল সে। এ সময় সিনাবহ এলাকার বাসিন্দা আবুলের বাড়ির ভাড়াটে মাহফুজ ওই শিশুটিকে নিজ ঘরে ডেকে নেয়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয়। পরে ওই পরিবার ও এলাকাবাসী রাত তিনটার দিকে মাহফুজকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।