কালিয়াকৈরে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি মাঠে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কারখানা শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে।এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, উপজেলার চন্দ্রা নায়াগ্রা টেক্সটাইল মিলের পেছনে একটি মাঠে চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের ছাত্ররা গত বৃহস্পতিবার বিকেলে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। গতকাল বিকেলে শিক্ষার্থীরা ওই মাঠে খেলতে গেলে খেলা চলাকালীন চন্দ্রা এলাকার নায়াগ্রা টেক্সটাইল কারখানার ফ্লোর ইনচার্জ সানি আহাম্মেদ শিক্ষার্থীদের ওই স্থানে খেলতে বাধা দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সানি আহাম্মেদের বাগিবতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা তাঁকে লাঞ্ছিত করে। পরে ওই ফ্লোর ইনচার্জ সানি ফিরে গিয়ে তাঁকে লাঞ্ছিত করার বিষয়টি কারখানার শ্রমিকদের জানান। ওই সময় কারখানার অর্ধশতাধিক শ্রমিক উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে হারুন, কাউছার, সুমন, নাজমুল, হুমায়ুন কবির, হোজাই খান, মামুন মিয়া, আলতাফ ও সাইদুরকে স্থানীয় কয়েকটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। একপর্যায়ে শিক্ষার্থীরা ওই স্থান ছেড়ে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।নায়াগ্রা টেক্সটাইল কারখানার মহাব্যবস্থাপক (জিএম) ফিরোজ হোসেন বলেন, ‘শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ওই ফ্লোর ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখনো কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’