কালিয়াকৈরে শ্রমিক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল বুধবার বিকেলে শ্রমিক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে পথচারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, চন্দ্রা (পল্লী বিদ্যুত্) এলাকায় গতকাল বিকেল পাঁচটার দিকে মহাজোট সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের কালিয়াকৈর শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ নম্বর ওয়ার্ড পৌর ছাত্রলীগ একই সময় একই স্থানে সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুদিক থেকে দুদল মিছিল নিয়ে মুখোমুখি হয়। একপর্যায়ে দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এপেক্স ফুটওয়ারের প্রতিষ্ঠানের সামনের পাঁচ-ছয়টি দোকানে ব্যাপক ভাঙচুর চলে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পথচারীসহ ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের সফিপুর ও পল্লী বিদ্যুত্ এলাকার কয়েকটি ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়।এ ব্যাপরে মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সেলিম আহাম্মেদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ওই এলাকায় মিছিল করার সময় শ্রমিক লীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালালে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।’জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর শাখার সহসভাপতি মো. আইয়ুব হোসেন মণ্ডল বলেন, ‘মিছিল শেষে সড়কের পাশে সমাবেশ চলাকালে ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দুই সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হবে।