গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সোয়েটার কারখানায় উৎপাদন-বোনাসের দাবিতে শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ায় কমপক্ষে ১৫ শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চার শ্রমিককে আটক করেছে।এদিকে ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গতকাল কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন।জানা গেছে, কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকার কোরিয়ান মালিকানাধীন হেসং সোয়েটার লিমিটেড নামের একটি কারখানার কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যা ছয়টা থেকে নভেম্বর মাসের বেতন দেওয়া শুরু করে। এর আগের মাসেও যে শ্রমিক দুই হাজার টাকা মজুরি পেয়েছেন, তাঁদের উৎপাদন-বোনাস দেওয়া হয়েছে। কিন্তু চলতি মাসে যাঁরা চার হাজার বা এর অধিক মজুরি পেয়েছেন, এবার কেবল তাঁদের উৎপাদন-বোনাস দেওয়া হয়। এতে কারখানার প্রায় চার হাজার শ্রমিক উত্তেজিত হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা হামলা চালিয়ে কারখানার নিচতলা, দ্বিতীয় তলা ও তৃতীয় তলায় অফিসের সাত-আটটি কম্পিউটার, জানালার গ্লাস ও মূল্যবান মেশিনপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১৫ শ্রমিক আহত হন। পরে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আমিন উদ্দিন ও আসাদ আলী নামের চার শ্রমিককে আটক করে।কারখানার পরিচালক শহিদুল ইসলাম লিটন জানান, শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করেছেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং কারখানায় পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে আশুলিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, জামগড়া এলাকার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানার এক হাজার ৭০০ শ্রমিক বেশ কিছুদিন ধরে সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে কাজে যোগ না দিয়ে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানার ভেতরে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিলে শ্রমিকেরা শান্ত হন। কিন্তু কিছুক্ষণ পর কর্মকর্তারা পুলিশের উপস্থিতিতে কারখানার বাইরে আলোচনায় বসার প্রস্তাব দিলে শ্রমিকেরা তা মানতে রাজি হননি। এ পর্যায়ে কর্তৃপক্ষ বেলা দুইটার দিকে কারখানাটি গতকালের জন্য ছুটি দিলে শ্রমিকেরা বাড়ি চলে যান।এ ব্যাপারে কথা বলার জন্য ওই কারখানায় গেলে নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শ্রমিক অসন্তোষ ও কর্মকর্তাদের মারপিটের ঘটনায় আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস লিমিটেডের দুই শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। কারখানার পক্ষ থেকে গত বুধবার রাতে এ মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ তিন শ্রমিককে গ্রেপ্তার করেছে।