কালিয়াকৈরে সকালে শান্তিপূর্ণ, অশান্তি বিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা, কেন্দ্র দখলের চেষ্টা ও ভোট গ্রহণ কর্মকর্তাদের ওপর হামলাসহ নানা অপ্রীতিকর ঘটনার মধ্যে গতকাল রোববার শেষ হয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচন। তবে উপজেলার ১২৪টি কেন্দ্রের কোনোটিতেই ভোট গ্রহণ স্থগিত রাখতে হয়নি।
ভোটার উপস্থিতি কম থাকলেও সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছিল। কিন্তু বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টা খানেক আগে শুরু হয় একের পর এক অপ্রীতিকর ঘটনা। এর মধ্যে বেলা তিনটার দিকে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন সিকদারের আনারস প্রতীকে সিল মারতে থাকেন যুবলীগের কর্মীরা। খবর পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থী সেখানে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। র‌্যাব-পুলিশ-বিজিবি ও ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম অভিযোগ করেন, এই কেন্দ্র দখল করে আনারস প্রতীকে সিল মারা হয়েছে। জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী খন্দকার আবদুস সালাম অভিযোগ করেন, যুবলীগের নেতা হিরু মিয়া তাঁর লোকজন নিয়ে এসে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্স ভরে ফেলেন। অবশ্য ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘চার-পাঁচজন লোক ৩ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে ব্যালট বাক্সে ফেলার চেষ্টা করে। এ সময় বাইরে নিরাপত্তায় থাকা পুলিশকে ডাকলে তারা সিলমারা ব্যালট পেপার ফেলে পালিয়ে যায়। ওই ব্যালটগুলো আমরা জব্দ করেছি।’ বিএনপি অভিযোগ করেছে, মৌচাক ইউনিয়ন পরিষদ কেন্দ্রেও একই রকম ঘটনা ঘটেছে।
বিকেল পৌনে চারটার দিকে পূর্ব চান্দরার জেনিথ পিএল কিন্ডারগার্টেন কেন্দ্রে হামলা, ভাঙচুর ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা করা হয়।
মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। এটি কামাল উদ্দিন সিকদারের বাড়ির পাশের কেন্দ্র। বিকেলে এই কেন্দ্রে হামলার চেষ্টা করে স্থানীয় জনতা। পূর্ব চান্দরা আদর্শ কিন্ডারগার্টেন ও চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। সকাল নয়টার দিকে সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ভান্নারা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, পুরুষ ভোটারদের কোনো লাইন নেই। তবে নারী ভোটারদের লাইন বেশ লম্বা। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, প্রথম ঘণ্টায় ২৮৭ ভোট পড়েছে। ভাষাশহীদ আবদুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজে মোট পাঁচটি কেন্দ্র। এখানে ভোটার ১৬ হাজার ২৯৩ জন। সারা দিন কলেজের সামনে শত শত মানুষের জটলা থাকলেও কেন্দ্রগুলোতে ভোটারের সারি দেখা যায়নি কখনোই। এই কলেজের ৮৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সামাদ বেলা দুইটার দিকে জানান, এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২৭৮। দুপুর পর্যন্ত ভোট পড়েছে ৬৫০টি। বাকি চার কেন্দ্রেরও একই অবস্থা।