কালিয়াকৈরে সন্ত্রাসী ও পুলিশের গোলাগুলি, একজন গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক গ্রামে গত বুধবার বিকেলে একদল সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সন্ত্রাসী গুলিবিদ্ধ ও হোঁচট খেয়ে পড়ে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম জাহের আলী (২৫)। তিনি সফিপুর এলাকার বাসিন্দা।পুলিশ জানিয়েছে, আন্ধারমানিক গ্রামের তিন রাস্তার মোড়ে বিকেল চারটার দিকে একদল সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে, এ খবর পেয়ে মৌচাক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আটজন পুলিশ সদস্য নিয়ে তাদের ঘেরাও করেন। এ সময়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জাহের আলীর পায়ে গুলি লাগে। এলাকবাসীর সহায়তায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গোলাগুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এলাকায় এখনো থমথমে বিরাজ করছে।সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম হোসেন ও কনস্টেবল আলাউদ্দিন মাটিতে পড়ে গিয়ে আহত হন। জাহের আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চোরাই গাড়ি ও দুটি ছোরা উদ্ধার করে।এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত জাহের আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।