কালিয়াকৈরে সরকারি রাস্তার গাছ বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি সড়কের পাশের দুই শতাধিক গাছ বিক্রি করে দিয়েছে বন সম্প্রসারণকেন্দ্র। গত শনিবার থেকে গাছ কাটা শুরু করেছে ঠিকাদারের লোকজন। এর ফলে ওই রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্যও নষ্ট হবে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ব্যস্ততম সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের তালতলি ও কালিয়াদহ এলাকায় দুই পাশে ছোট-বড় ২৩৪টি গাছ রয়েছে। গাছগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা থাকলেও ঠিকাদার ব্যবসায়ী বন কর্মকর্তাদের যোগসাজশে গাছগুলো তিন লাখ ৭৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন বন সম্প্রসারণ থেকে। গত শনিবার থেকে ঠিকাদারের লোকজন গাছ কাটা শুরু করেছে। ইতিমধ্যে প্রায় ২০টি গাছ কেটে ফেলেছে।গাছগুলো কেটে ফেলার কারণে বর্ষা মৌসুমে ওই সড়কটি হুমকির মধ্যে পড়েছে। অতি বৃষ্টির ফলে সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। উপজেলার শাখা রাস্তাগুলোর মধ্যে সফিপুর-বড়ইবাড়ী রাস্তাটি খুবই ব্যস্ততম। প্রতিদিন ওই সড়কটি দিয়ে অর্ধশতাধিক গ্রামের শত শত লোক চলাচল করে। সড়কটি কোনো কারণে ভেঙে গেলে গ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হবে।বন বিভাগের আওতাধীন মৌচাক বন সম্প্রসারণকেন্দ্র সূত্রে জানা গেছে, সফিপুর-বড়ইবাড়ী সড়কের তালতলি থেকে কালিয়াদহ পর্যন্ত সড়কের দুই পাশে ২৩৪টি গাছ রয়েছে, যার বেশির ভাগই কড়ই গাছ। গত ১৫-১৬ দিন আগে দরপত্র আহ্বানের মাধ্যমে টেন্ডার দেওয়া হয়। সর্বোচ্চ দরদাতা ছিলেন উপজেলার গোসাত্রা এলাকার আবদুল লতিফ। তাঁর কাছে তিন লাখ ৭৫ হাজার ৫০০ টাকায় গাছ বিক্রি করা হয়। গত শনিবার থেকে তিনি গাছ কাটা শুরু করেছেন।ঠিকাদার আবদুল লতিফ বলেন, ‘গাছগুলো বন বিভাগ টেন্ডার দিয়েছে, আমি না কিনলে অন্য কেউ কিনত। বর্তমান বাজার হিসেবে গাছের মূল্য ঠিকই আছে।’ বড়ইবাড়ী গ্রামের ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, সফিপুর-বড়ইবাড়ী সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। গাছগুলোর কেটে ফেলার কারণে রাস্তাটি যেকোনো মুহূর্তে ভেঙে যাবে। সফিপুর এলাকার অটোরিকশাচালক আলীম হোসেন জানান, গাছগুলো কাটলে রাস্তা নষ্ট হয়ে যাবে এবং চলাচলের অনুপযোগী হয়ে যাবে। উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘ওই সড়কটি এলজিইডির। তাই সড়কের দুই পাশের গাছ কাটতে হলে অবশ্যই আমাদের অনুমতি লাগবে। কিন্তু আমাদের অনুমতি ছাড়া কারা ওই গাছ কাটছে তা আমাদের জানা নেই।’মৌচাক বন সম্প্রসারণকেন্দ্রের রেঞ্জার তোসাদ্দেক হোসেন জানান, একটি চুক্তির মাধ্যমে গাছগুলো বন বিভাগ লাগিয়ে ছিল, গাছ বিক্রির টাকা বন বিভাগসহ উপকারভোগী ও এলজিইডি পাবে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর বলেন, ‘ওই এলাকায় গাছ কাটার বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’