কালিয়াকৈরে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি সড়কের পাশের দুই শতাধিক গাছ বিক্রি করে দিয়েছে বন সম্প্রসারণ কেন্দ্র। গত শনিবার থেকে গাছ কাটা শুরু করেছে ঠিকাদারের লোকজন। এ কারণে ওই রাস্তাটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ব্যস্ততম সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের তালতলি ও কালিয়াদহ এলাকায় দুই পাশের ছোট-বড় ২৩৪টি গাছ রয়েছে। গাছগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা হলেও ঠিকাদার বন কর্মকর্তাদের যোগসাজশে গাছগুলো তিন লাখ ৭৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন বন সম্প্রসারণ কেন্দ্র থেকে। গত শনিবার থেকে ঠিকাদারের লোকজন গাছ কাটা শুরু করেছে। ইতিমধ্যে প্রায় ২০টি গাছ কেটে ফেলেছে। গাছগুলো কেটে ফেলার কারণে বর্ষা মৌসুমে ওই সড়কটি হুমকির মধ্যে পড়েবে। বন বিভাগের আওতাধীন মৌচাক বন সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা গেছে, সফিপুর-বড়ইবাড়ি সড়কের তালতলি থেকে কালিয়াদহ পর্যন্ত সড়কের দুই পাশে ২৩৪টি গাছ রয়েছে। যার বেশির ভাগই কড়ইগাছ। গত ১৫-১৬ দিন আগে দরপত্র আহ্বানের মাধ্যমে টেন্ডার দেওয়া হয়। বেশ কয়েকটি আবেদনপত্র জমা পড়ে। তার মধ্যে সর্বোচ্চ দরদাতা ছিলেন কালিয়াকৈর উপজেলার গোসাত্রা এলাকার আবদুল লতিফ। তাঁর কাছে তিন লাখ ৭৫ হাজার ৫০০ টাকায় গাছগুলো বিক্রি করা হয়। গত শনিবার থেকে তিনি গাছ কাটা শুরু করেছেন।ঠিকাদার আবদুল লতিফ বলেন, ‘গাছগুলো বন বিভাগ টেন্ডার দিয়েছে, আমি না কিনলে অন্য কেউ কিনত। বর্তমান বাজার হিসাবে গাছের মূল্য ঠিকই আছে।’ বড়ইবাড়ি গ্রামের ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, সফিপুর-বড়ইবাড়ি সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। গাছগুলো কেটে ফেলার কারণে রাস্তাটি যেকোনো মুহূর্তে ভেঙে যাবে। সফিপুর এলাকার অটোরিকশাচালক আলীম হোসেন জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। গাছগুলো কেটে ফেললে রাস্তা নষ্ট হয়ে যাবে এবং যান চলাচলের অনুপোযোগী হয়ে যাবে।কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই সড়কটি এলজিইডির। তাই সড়কের দুই পাশের গাছ কাটতে হলে অবশ্যই আমাদের অনুমতি লাগবে।’ মৌচাক বন সম্প্রসারণ কেন্দ্রের রেঞ্জার তোসাদ্দেক হোসেন জানান, একটি চুক্তির মাধ্যমে গাছগুলো বন বিভাগ লাগিয়ে ছিল, গাছ বিক্রির টাকা বন বিভাগসহ উপকারভোগী ও এলজিইডিও পাবে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর বলেন, ‘ওই এলাকায় গাছ কাটার বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’