কালিয়াকৈরে সহকারী শিক্ষককে পেটানোর ঘটনার তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী নারী শিক্ষিকাকে স্কেল দিয়ে পেটানোর ঘটনার তদন্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে গতকাল বুধবার এ তদন্ত করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার এক সহকারী শিক্ষককে স্কেল দিয়ে আঘাত ও গালাগাল করেন। ঘটনাটি প্রথমে মৌখিকভাবে শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়। গতকাল সকালে ওই সহকারী শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল গতকালই ঘটনার তদন্ত করেন। তিনি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকের লিখিত বক্তব্য নেন। আজ বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী প্রথম আলোকে জানান, লিখিত অভিযোগ পেয়ে বুধবার বিকেলের মধ্যেই ওই কর্মকর্তাকে পাঠিয়ে ঘটনার তদন্ত করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।গত রোববার ওই সহকারী শিক্ষক একটি বদলি ক্লাস নিতে গিয়ে ১০ মিনিট আগে ক্লাস থেকে বের হন। এ নিয়ে সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাঁকে স্কেল দিয়ে আঘাত করেন।