কালিয়াকৈরে সাত দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার সকালে সাত দফা দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উত্তেজিত শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালান এবং সড়ক অবরোধ করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, বাড়ইপাড়া এলাকার হেসং বিডি লিমিটেড নামের পোশাক কারখানায় চার দিন ধরে শ্রমিক অসন্তোষ চলে আসছিল। ওভারটাইমের মজুরি ও প্রোডাকশন বোনাস প্রদান, বার্ষিক ছুটির টাকা, ২০১৩ সালের শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি কার্যকর করাসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকেরা তিন দিন ধরে কাজ বন্ধ রেখে কারখানার সামনে বিক্ষোভ করেন। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে কারখানার প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক অনশন করতে কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হন। এ সময় শ্রমিকেরা কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দুজন পুলিশসহ ২০ জন শ্রমিক আহত হন।
গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক জাকির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কারখানার উপমহাব্যবস্থাপক মো. দুলাল মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি।