কালিয়াকৈরে সালিস বৈঠকে হামলা, আহত ১০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল শনিবার বিকেলে সালিসি বৈঠকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকার বজলুর রহমানের একটি পুকুর থেকে গত বৃহস্পতিবার ওই এলাকার ইদ্রিস আলী, মো. শওকত, মোশারফসহ ১০-১২ জন মিলে মাছ চুরি করে নিয়ে যায়। এ নিয়ে গতকাল দুপুরে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার রকিব উদ্দিন দেওয়ানের নেতৃত্বে দেওয়ান সিএনজি পাম্পের সামনে বিষয়টি মীমাংসা করার জন্য একটি সালিসি বৈঠকের আয়োজন করা হয়। বিষয়টি মীমাংসা না হওয়ায় উভয় পক্ষ সালিস বৈঠক থেকে উঠে যায়। পরে ইদ্রিস আলী পক্ষ বজলুর রহমানের পক্ষের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে বজলুর রহমান (৪৫), জাহাঙ্গীর আলম (২৫), মনির হোসেন (৩০), শহিদুল ইসলাম (৩৫), হেলাল উদ্দিনসহ (৪০) কমপক্ষে ১০ জন আহত হন এবং তাঁদের ব্যবহূত একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। ওই ঘটনায় বজলুর রহমান বাদী হয়ে ১৫-২০ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।