কালিয়াকৈরে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়াইর বাজার এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরের বিছানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই গৃহবধূ হলেন দেওয়াইর বাজার এলাকার মৃত আমির হোসেনের দ্বিতীয় স্ত্রী সোনাবানু (৫০)।
গৃহবধূর ছেলে জালাল ও পুলিশ জানায়, সোনাবানু দীর্ঘদিন ধরে তাঁর দুই ছেলেকে সঙ্গে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়াইর বাজার এলাকার দক্ষিণ পাশে একটি নির্জন বাড়িতে বসবাস করে আসছিলেন। ছোট ছেলে কর্মস্থল থেকে বাড়ি না ফেরায় বুধবার দিবাগত রাতে সোনাবানু একা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময়ে ঘরের পেছন দিয়ে সিঁধ কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। পরে রশি দিয়ে হাত ও পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর তাঁকে বিছানার ওপর রেখে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রতিবেশী বাতাসী বেগম বলেন, ‘সোনাবানুর কয়েকটি ভেড়া ছিল। সকাল হয়ে গেলেও ভেড়াগুলো বাইরে দেখা যাচ্ছিল না। গতকাল দুপুরে ভেড়াগুলো ঘরের ভেতরে ছোটাছুটি করায় তাঁকে ডাকতে ডাকতে ঘরের দরজায় ধাক্কা দেই। দরজা খুলে ঘরে ঢুকতেই চোখে পড়ে পেছন দিয়ে সিং (সিঁধ) কাটা, ঘরের সবকিছু এলোমেলো। চৌকিতে হাত ও গলা বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখে আমি চিৎকার করলে এলাকার মানুষ জড়ো হয়।’
ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইছামুদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দেখে বোঝা যাচ্ছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।