গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গতকাল শনিবার সকালে একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার সুতা, তুলা, মেশিন, সরঞ্জামসহ বিভিন্ন জিনিস পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।কারখানা সূত্রে জানা গেছে, যমুনা গ্রুপের যমুনা স্পিনিং লিমিটেড নামের ওই কারখানার কাটিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয় সকাল ১০টার দিকে। পরে আগুন কারখানার রিং সেকশন, সেমপ্লেক্স ও ব্লুরুমে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর ও টঙ্গি থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এ সময়ের মধ্যে আগুনে ওই কারখানার সুতা, তুলা, মেশিন, ওপরের সেলিং ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়।অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, গাজীপুর শিল্প পুলিশের এএসপি তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।কারখানার মহাব্যবস্থাপক আলী হোসেন জানান, ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ এবং অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।