কালিয়াকৈরে সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত রোববার রাতে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।কারখানার শ্রমিক, কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভান্নারা এলাকার হাজি ইসলাম উদ্দিন স্পিনিং মিলস লিমিটেডের কারখানায় রোববার রাত সোয়া আটটার দিকে আগুন লাগে। মুহূর্তে আগুন ভুগর্ভস্থ কক্ষ ও নিচতলার ডাস্টরুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে কারখানার এসি প্লান্ট, মূল্যবান যন্ত্রপাতি, সুতা পুড়ে যায়।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানার পরিচালক (অপারেশন) নাছির উদ্দিন দাবি করেন, আগুনে পৌনে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।