কালিয়াকৈরে সেই ক্লিনিক মালিক গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকার পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার পুলিশ ক্লিনিক মালিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সবুজ রেজা (৩৫), উপজেলার ফুলিবাড়িয়া ইউনিয়নের বাঘাইর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কান্দাপাড়া এলাকার গৃহবধূ শেফালী রানীর হাসপাতালের ভুল চিকিৎসায় মৃত্যু হলে তাঁর স্বামী সচিদ্র চন্দ্র রায় বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। মামলায় হাসপাতালের মালিক সবুজ রেজা, নার্স নাজমা আক্তার ও স্বপ্না খাতুনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ছাড়া মামলার খবর পেয়ে ক্লিনিক মালিক সবুজ বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা করেন। গত শুক্রবার দুপুরে আইন ও সালিশ কেন্দ্রের কালিয়াকৈর অফিসে মীমাংসা বৈঠকে সবুজ তাঁর ভুলের কথা স্বীকার করে জরিমানা দিতেও রাজি হন। নিহতের স্বামীর সম্মতি না থাকায় অবশেষে মীমাংসা হয়নি। কালিয়াকৈর থানার পুলিশ গতকাল শনিবার ভোরে ক্লিনিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সবুজ রেজাকে গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ক্লিনিকগুলো সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি নিয়মিত খোঁজখবর রাখেন তাহলে ভুল চিকিৎসা রোধ করা সম্ভব।