কালিয়াকৈরে সেই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর থানায় এক যুবককে চুরির অভিযোগে ঝুলিয়ে পেটানোর ঘটনায় গতকাল রোববার ওই থানার উপপরিদর্শক মুরাদ শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোসাত্রা গ্রামের সহিদুর রহমান ওরফে স্বপনকে গ্রেপ্তার করে গত শুক্রবার সন্ধ্যায় থানায় বৈদ্যুতিক পাখার হুকের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে নির্যাতন করা হয়। ওই ঘটনায় গতকাল বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার তদন্ত করেন। তদন্তে এসআই মুরাদ শেখের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পান। পরে বিকেলে এসআইকে সাময়িক বরখাস্ত করে গাজীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।এদিকে ওই যুবককে গতকাল সকালে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে রাতেই পুলিশ লাইনে নেওয়া হয়েছে।গত শুক্রবার উপজেলার গোসাত্রা এলাকা থেকে জিন্নত আলী নামে এক ব্যক্তির একটি মোটরসাইকেল ছিনতাই হয়। এ ঘটনায় তিনি কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে এসআই মুরাদ শেখ মোটরসাইকেল চুরির অভিযোগে স্বপনকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে থানাকক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে ব্যাপক মারধর করা হয়।