কালিয়াকৈরে সেই ভেজাল পানীয়র কারখানা সিলগালা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ভেজাল খাদ্যদ্রব্য তৈরির সেই কারখানায় গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল পণ্য উদ্ধার করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।আদালত সূত্রে জানা গেছে, ‘জব্বার ফুড প্রোডাক্টস’ নামে ভেজাল পানীয় তৈরির ওই কারখানায় দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। খবর পেয়ে লোকজন কারখানায় তালা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তালা ভেঙে কারখানা থেকে ৪২ বস্তা চিনি, সাত হাজার খালি বোতল, পাঁচটি মেশিন, এসএস ট্যাংক, ব্রাউন রং, সাদা পাউডার, ম্যাংগো ফ্লেভার ও বিপুল পরিমাণ বোতলজাত ভেজাল পানীয় জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবীর। দীর্ঘদিন ধরে কারখানাটি থেকে ভেজাল পণ্য বাজারজাত করা হচ্ছিল। এ বিষয়ে গতকাল বুধবার প্রথম আলোতে ‘ইটের গুঁড়া, ছাই মিশিয়ে পানীয়’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।