কালিয়াকৈরে সোয়েটার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, ছুটি ঘোষণা
গাজীপুরের কালিয়াকৈরে একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা কর্মবিরতিতে গিয়ে বিক্ষোভ করেছেন৷ এক শ্রমিককে বরখাস্ত করার জের ধরে গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে৷ এর অাগে নিটিং অপারেটরের হামলায় এক কর্মকর্তা গুরুতর আহত হন৷
কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় সমাহার সোয়েটার কারখানার নিটিং অপারেটর বিপুল হোসেন গত সাত দিন কারখানায় অনুপস্থিত ছিলেন৷ বুধবার কারখানায় কর্মকর্তাদের অবহিত না করে তিনি কাজে যোগদান করেন৷ বিষয়টি জানতে পেরে কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করে৷ ওই নোটিশের খবর পেয়ে কারখানার অন্য শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন৷ একপর্যায়ে বিপুল বরখাস্তের বিষয়ে কথা বলতে কারখানার ইনচার্জ নাসির সিকদারের কাছে যান৷ তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিপুল একটি লোহার চেয়ার দিয়ে নাসিরকে মাথায় আঘাত করেন৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন৷ খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে৷ পরে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারখানায় ছুটি ঘোষণা করে৷ শনিবার থেকে কারখানা খুলবে৷
বিজিএমইএর উদ্বেগ: কারখানার কর্মকর্তাকে মারধর করায় উদ্বেগ প্রকাশ করে বিজিএমইএ বলেছে, ঈদুল ফিতরের আগে পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে একটি স্বার্থান্বেষী মহল চক্রান্ত করছে৷