কালিয়াকৈরে সোয়েটার কারখানায় শ্রমিকদের ভাঙচুর, আহত ১০
মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় গতকাল শুক্রবার সকালে একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা কারখানায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালান। হামলায় কারখানার এক কর্মকর্তা এবং ভাঙচুর চালাতে গিয়ে নয়জন শ্রমিক আহত হন। পরে কর্তৃপক্ষ গতকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।কারখানার শ্রমিক, কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, হিজলহাটি এলাকায় বিডি হ্যাচং লিমিটেড নামের একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা দীর্ঘদিন ধরে প্রতিটি সোয়েটার তৈরি বাবদ ৪৫ টাকা হারে মজুরি দাবি করে আসছিলেন। গতকাল সকালে শ্রমিকদের মধ্যে প্রতিটি সোয়েটার তৈরি বাবদ ২৫ টাকা হারে মজুরি দেওয়া হয়। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করতে থাকেন। এ সময় শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে অফিস কক্ষের কাচ ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করেন। শ্রমিকদের হামলায় ফ্লোর ইনচার্জ লিটন মিয়া আহত হন। ভাঙচুরের সময় কাচের টুকরোর আঘাতে আহত হন নয়জন শ্রমিক। শ্রমিকদের মধ্যে আনিচ, টিটু, খলিলুর রহমান, ফারুক হোসেন, সোবাহান ও জাকির মিয়াকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও আর্মড পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. বাদল মোল্লা জানান, এমনিতেই গ্যাস-সংকটে কারখানা লোকসানের মুখে। তার ওপর শ্রমিকেরা যদি বেতন বাড়ানোর দাবি জানান, সেটা মেনে নেওয়া অসম্ভব।