কালিয়াকৈরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল বৃহস্পতিবার এক যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দণ্ড পাওয়া যুবকের নাম আ. করিম শেখ। তাঁর বাড়ি কালিয়াকৈর উপজেলার রতনপুর গ্রামে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করিম দীর্ঘদিন ধরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। গতকাল সকালে ওই ছাত্রী বাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছিল। পথে করিম তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে করিমকে আটক করে পুলিশে দেয়। পুলিশ কালিয়াকৈর উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত করিমকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেন এবং দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।যোগাযোগ করা হলে ইউএনও মাহমুদুল কবির সাজার বিষয়টি নিশ্চিত করেন।