কালিয়াকৈরে স্কুলের মাঠ থেকে হাট সরিয়ে নিতে কমিটি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেণুপুর বজলুর রহমান উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে গরুর হাটটি সরিয়ে অন্য জায়গায় নেওয়ার জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সমন্বয় কমিটির বিশেষ সভায় ওই কমিটি গঠন করা হয়।বিদ্যালয়ের মাঠে বসানো বেণুপুর গরুর হাট নিয়ে প্রথম আলোসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গত ১৪ এপ্রিল ইউএনও মাহমুদুল কবীর ওই হাটের জন্য নতুন করে ঠিকাদার নিয়োগ বন্ধ করে দেন। এরপরও বিদ্যালয়ের মাঠে প্রতি রোববার হাট বসানো হচ্ছিল। এ নিয়ে ১০ মে প্রথম আলোয় ‘সেই স্কুলের মাঠে এখনো গরুর হাট, নির্দেশ মানা হচ্ছে না’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।গত বুধবার এলাকার কয়েকজন ব্যক্তি স্কুলের মাঠে গরুর হাট করার অনুমতি চেয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবারই উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক সমন্বয় কমিটির সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।