কালিয়াকৈরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরের চান্দরা উত্তরপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ নিহত ব্যক্তির স্ত্রীকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বকচর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। পুলিশ গতকাল শুক্রবার তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, আসাদুল ইসলাম স্ত্রী ফাতেমা আক্তারকে নিয়ে উত্তরপাড়ার আফাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। আসাদুল কিছুদিন পরপর গ্রামের বড়িতে গিয়ে টেম্পো চালাতেন। পাশাপাশি ফাতেমা উত্তরপাড়ার একটি কারখানায় চাকরি করতেন। গত বৃহস্পতিবার আসাদুল গ্রামের বাড়ি থেকে কালিয়াকৈরের বাসায় আসেন। ওই দিন রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। বিবাদের জের ধরে রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে আসাদুলকে হত্যা করা হতে পারে। গতকাল ফাতেমা বিষয়টিকে আত্মহত্যার ঘটনা বলে প্রচারের চেষ্টা চালালে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ফাতেমাকে গ্রেপ্তার করা হয়েছে। কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।