কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কারখানা শ্রমিকের মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল বুধবার সকালে বাসের চাপায় এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাধনা আক্তার (২২)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার আন্দুনিবাড়ীর গ্রামের আবদুল খালেকের মেয়ে।প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, সাধনার ছোট বোন আগে থেকেই চন্দ্রা এলাকায় কারখানায় কাজ করতেন। গত ঈদের ছুটিতে বাড়িতে গেলে বড় বোন চাকরি করতে আসেন কালিয়াকৈরের চন্দ্রায়। গত মঙ্গলবার চন্দ্রা এলাকার মাহমুদ ডেনিমস কারখানায় চাকরিও পাকা করেন। গতকাল বুধবার সকাল নয়টার দিকে কাজে যোগ দিতে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার জন্য পাশে দাঁড়িয়ে ছিলেন সাধনা। এ সময় কালিয়াকৈরগামী একটি বেপরোয়া বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তিনি ছোট বোনকে নিয়ে চন্দ্রার হরতকীচালা এলাকার ইন্তাজ আলীর বাড়িতে ভাড়া থাকতেন।নিহতের ছোট বোন শিখা আক্তার বলেন, ‘বোনের সংসারে অভাব থাকায় আমার সঙ্গে চাকরি করতে এসেছিল।’