গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকায় গতকাল শুক্রবার প্রশস্ত করার দাবিতে একটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা জোড়া পাম্প এলাকা থেকে ২০০ মিটার সড়কের কার্পেটিংয়ের কাজ দেওয়া হয় মেসার্স সালাম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ওই প্রতিষ্ঠানটি আট ফুট প্রশস্ত করে সড়কের নির্মাণকাজ শুরু করে। এলাকাবাসী ওই সড়কটি ১২ ফুট প্রশস্ত করে নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে পৌর মেয়রের কাছে দাবি জানিয়ে আসছিল। কিন্তু ওই দাবি না মানায় গতকাল সকালে এলাকাবাসী সড়কটির নির্মাণকাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে ওই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সামছুল আলম সরকার ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে ওই দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে তাঁরা শান্ত হন।