কালিয়াকৈরে সড়কের দুটি গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকা থেকে গতকাল সোমবার সকালে দুটি বড় রেইনট্রি গাছ দরপত্র ছাড়াই বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লতিফপুর থেকে খাড়াজোড়া এলাকা পর্যন্ত প্রায় অর্ধশত বছরের পুরোনো ২০টি গাছ রয়েছে। এগুলোর মধ্যে কাঁঠাল, রেইনট্রিসহ কয়েক জাতের গাছ রয়েছে। কিছুদিন ধরে সেখান থেকে কয়েকটি বড় আকৃতির রেইনট্রি গাছ অজ্ঞাত কারণে মরে শুকিয়ে যাচ্ছে।গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের মাঠ কর্মকর্তা আবদুল মান্নান গোপনে উপজেলার জানেরচালা এলাকার আবদুল কুদ্দুস নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। গতকাল সোমবার ভোরে গাছের ক্রেতা আবদুল কুদ্দুস পাঁচ-ছয়জন শ্রমিক নিয়ে রেইনট্রি গাছ দুটি কাটা শুরু করেন।স্থানীয় করাতকলের মালিক হাজি মোস্তফা সরকার জানান, দুটি রেইন্ট্রি গাছই বহুদিনের পুরোনো। নিলামে বিক্রি করলে কমপক্ষে ৬০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হতো। কিন্তু তা না করে গাছ দুটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। গাছের ক্রেতা আবদুল কুদ্দুস জানান, গাছ তিনি ক্রয় করেনি, তবে গাছ দুটি তাঁর শ্রমিকেরা কাটছেন।সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী শাখার সহকারী প্রকৌশলী আনোয়ারুল হক জানান, গাছ দুটি বিক্রি করা হয়নি। তবে গাছ দুটি কেটে সওজের অফিসে রাখা হবে। যেখানে সড়ক মেরামতের কাজ হচ্ছে, সেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।