কালিয়াকৈরে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রায় ১৫টি এলাকায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল শুক্রবার সকাল থেকে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রায় ১৫টি এলাকার অন্তত চার হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। এলাকাবাসী ও তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় তিতাস গ্যাসের ভূগর্ভস্থ পাইপলাইনে বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। ওই দিন রাত ১০টার দিকে একই স্থানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিপজ্জনক লিখে ঘটনাস্থলের চারপাশে লাল ফিতা ঝুলিয়ে দেয়। পরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ওই স্থানে পাইপলাইন মেরামতের জন্য হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী, আমবাগ, বাইমাইল, জরুনবাড়ী, দেওয়ালিয়াবাড়ী, কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর পশ্চিমপাড়া, চন্দ্র (পল্লী বিদ্যুৎ), লতিফপুর, চন্দ্রা ত্রিমোড় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১৫টি এলাকার অন্তত চার হাজার গ্রাহক সকাল থেকে ভোগান্তির শিকার হয়েছে। সফিপুর পূর্বপাড়া এলাকার গ্রাহক প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, তিতাসের নিয়ম রয়েছে, কোনো কারণে গ্যাস বন্ধ রাখতে হলে আগের দিন মাইকিং করে বা অন্য কোনো উপায়ে বিষয়টি প্রচার করা। অথচ তিতাস কর্তৃপক্ষ নিয়ম না মেনেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, গ্যাস বন্ধ রাখলে মাইকিং বা প্রচার করার নিয়ম থাকলেও সময়ের অভাবে তা করা সম্ভব হয়নি। তবে পরবর্তী সময়ে গ্যাসের কাজ করা হলে অবশ্যই আগে থেকে প্রচার করা হবে।তিতাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক (মেরামত) রতন কুমার গ্যাস বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাতেই গ্যাস চালু হওয়ার কথা।