কালিয়াকৈরে হাইটেক পার্ক পরিদর্শনে সংসদীয় কমিটি
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন করেন। পরিদর্শক দলে ছিলেন কমিটির সভাপতি মো. দবিরুল ইসলাম এবং সদস্য জুনাইদ আহমেদ পলক, শওকত আরা বেগম, আবদুর রব হাওলাদার প্রমুখ।পরিদর্শনের সময় হাইটেক পার্কের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সংসদীয় কমিটির সদস্যদের প্রকল্প কাজের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। প্রায় ২৩২ একর জমির ওপর এই হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। প্রকল্পটি শেষ করতে ৪০০ কোটি টাকা ব্যয় হবে। এ ছাড়াও পার্কের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য আরও ৬০০ কোটি টাকা ব্যয় হবে। এ পার্কে তথ্যপ্রযুক্তিনির্ভর শিল্প, টেলিযোগাযোগ সম্পর্কিত শিল্প, ওষুধ কারখানা স্থাপনে অগ্রাধিকার দেওয়া হবে।পার্কের বাস্তবায়ন কাজ দুটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে ২০১২ সালে এবং দ্বিতীয় পর্যায়ে ২০১৮ সালে শুরু হয়ে ২০২০ সালে শেষ হবে। এই পার্কে যাতায়াতের সুবিধার্থে রেলস্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ২০ একর জমির বরাদ্দ দেওয়া হয়েছে।