কালিয়াকৈরে ১০ দিনে চার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা থেকে পুলিশ গতকাল বুধবার অজ্ঞাতনামা এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, হাত-পা বেঁধে শ্বাসরোধে ওই যুবককে হত্যা করে লাশ সেখানে ফেলে দেওয়া হয়। এ নিয়ে গত ১০ দিনে কালিয়াকৈরের বিভিন্ন এলাকা থেকে চারজনের লাশ উদ্ধার হলো। কিন্তু একটি লাশেরও পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার খাড়াজোরা হাইটেক পার্কসংলগ্ন এলাকায় সকালে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মঙ্গলবার রাতের কোনো এক সময় যুবককে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে যায়। তাঁর হাত-পা বাঁধা, মুখে স্কচটেপ, গলায় দুটি মাফলার প্যাঁচানো। পরনে ক্রিম রঙের প্যান্ট, গায়ে কালো গেঞ্জি। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, সম্ভবত ওই যুবককে অন্য কোথাও হত্যা করে ওই স্থানে লাশ ফেলে দেওয়া হয়। এর আগে গত সোমবার উপজেলার সাহাবাজপুরে এক কিশোরী ও খাড়াজোরায় এক বৃদ্ধার লাশ পাওয়া যায়। এ ছাড়া ২৬ ডিসেম্বর কালামপুরে আরেক যুবকের লাশ উদ্ধার হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি।