কালিয়াকৈরে ১২৫টি গাড়ির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১২৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে এসব মামলা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। বেশির ভাগ দুর্ঘটনার কারণ হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালানো। এভাবে গাড়ি চালিয়ে যাওয়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সকালে খাড়াজোড়া এলাকায় চৌকি বসানো হয়। এ সময় মহাসড়কে দুটি স্পিড গান (গতিনিয়ন্ত্রণ যন্ত্র) স্থাপন করা হয় এবং গাড়ির গতি দেখে থামিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. হুমায়ুন কবীর। দ্রুত গতিতে চালানোর জন্য ৫৫টি গাড়ির বিরুদ্ধে এবং কাগজপত্র ঠিক না থাকায় ৭০টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। কোনো গাড়ির গতি ৭০ কিলোমিটারের বেশি থাকলেই সেই গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।সূত্র আরও জানায়, হাইওয়ে পুলিশের গাজীপুর জোনের মধ্যে দুটি থানা ও তিনটি ফাঁড়িতে মোট পাঁচটি স্পিড গান রয়েছে। এর আগে কয়েকবার এগুলো ব্যবহারও করা হয়েছে। হাইওয়ে পুলিশের জনবলের অভাবে স্পিড গান নিয়মিত ব্যবহার করা হয় না। তবে এখন থেকে মহাসড়কগুলোতে স্পিড গান নিয়ে চেকপোস্ট স্থাপন করা হবে। এতে জনসচেতনতা বাড়বে।গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আকবর আলী বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৭০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। এর বেশি গতিতে চালালে সেটা হবে অপরাধ। গতিনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা হলে গাড়িচালকেরা সচেতন হবেন এবং এর ফলে সড়কে দুর্ঘটনা কমে যাবে। এ অভিযান অব্যাহত থাকবে।