কালিয়াকৈরে ২৩০০ বস্তা ওএমএসের চাল উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরের একটি চালকল থেকে দুই হাজার ৩০০ বস্তা ওএমএসের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে আরেকটি চালকলে ওএমএসের চাল পাওয়ায় সেটি সিলগালা করা হয়। সেখান থেকে আটক করা হয় আরও দুজনকে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার শ্রীফলতলী ও বক্তারপুরে এ অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।র্যাব-১-এর ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত একটার দিকে শ্রীফলতলীর জিহান অটো কালার সর্টার রাইস মিলে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিটি ৫০ কেজি করে দুই হাজার ৩০০ বস্তা ওএমএসের চাল উদ্ধার হয়। এ সময় মিলের ব্যবস্থাপক মো. চান মিয়া, শ্রমিক মোনতাজ আলী ও মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই বক্তারপুর এলাকার ভাওয়াল রাইস মিলে অভিযান চালিয়ে ওএমএসের চাল পাওয়ায় এর গুদাম সিলগালা করে দেওয়া হয়। মিলের মালিক আজহার আলী ও তাঁর ছেলে শামিম আল মামুনকে আটক করা হয়।র্যাব-১-এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল জানান, ভাওয়াল রাইস মিলে ৮০০ বস্তা চালসহ গুদাম সিলগালা করা হয়েছে। উদ্ধার করা চালের বস্তাগুলোর গায়ে খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে।উপজেলা খাদ্য কর্মকর্তা ইয়াকুব আলী মিয়া জানান, জিহান মিল থেকে চাল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ভাওয়াল মিলের ব্যাপারে চিন্তাভাবনা চলছে।