গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় গ্রাহকদের প্রায় ৫০ লাখ টাকা নিয়ে একটি এনজিও উধাও হয়ে গেছে। ওই প্রতিষ্ঠানের সামনে গ্রাহকেরা গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ করেন।গ্রাহকেরা জানান, সফিপুর বাজারে মেঘু মিয়া মার্কেটের দোতলায় একটি কার্যালয় ভাড়া নিয়ে নোবল এডুকেশন অ্যান্ড লিটারি সোসাইটি নামের ওই এনজিও কার্যক্রম শুরু করে। পরে এর আঞ্চলিক ব্যবস্থাপক ইমন আহমেঞ্চদ এলাকার মনির হোসেন, ফিরুজ, সুফিয়া আকতার, মর্জিনা আক্তার, দুলন মিয়া, ইমাম, শরিফুলসহ নিম্ন আয়ের লোকজনকে সদস্য করেন। তাঁরা প্রথমে ভর্তি ফি বাবদ ২০০ টাকা ও পরে সঞ্চয় আদায় করেন। সদস্যদের ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বলে ওই সঞ্চয়ের টাকা সংগ্রহ করেন তাঁরা। আশপাশের তিন-চারটি গ্রামের নারী-পুরুষসহ প্রায় এক হাজার গ্রাহকের কাছ থেকে তাঁরা ৫০ লাখ টাকা আদায় করেন।গ্রাহকেরা অভিযোগ করেন, সঞ্চয় গ্রহণ করার পর সদস্যদের ঋণ না দিয়ে টালবাহানা শুরু করে এনজিওটি। গত বৃহস্পতিবার সদস্যদের ঋণ দেবে বলে ওই কার্যালয়ে আসতে বলা হয়। ওই দিন দুপুরে ঋণ নিতে আসা সদস্যরা ওই কার্যালয়ে তালা দেখতে পান। এ সময় গ্রাহকেরা ক্ষোভে ফেটে পড়েন। পরে কর্মকর্তাদের গ্রেপ্তার ও টাকা ফেরত দেওয়ার দাবিতে গতকাল শনিবার বিকেলে ওই এনজিও কার্যালয়ের সামনে ভুক্তভোগী গ্রাহকেরা বিক্ষোভ করেন। গ্রাহক আসমা আক্তার ও জবেদা বেগম জানান, ৫০ হাজার টাকা ঋণ দেবে বলে তাঁদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে সঞ্চয় নেওয়া হয়। নোবল এডুকেশন অ্যান্ড লিটারি সোসাইটি এনজিওর আঞ্চলিক ব্যবস্থাপক ইমন আহমেঞ্চদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’