কালিয়াকৈরে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা ও নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার তারা ভ্রাম্যমাণ আদালতকে নিয়ে এ অভিযান পরিচালনা করে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস পাইপলাইন স্থাপন করে কয়েক হাজার সংযোগ দিয়েছে একটি চক্র। এ ছাড়া গ্যাস পাইপ নিম্নমানের ও অপরিকল্পিত হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জেলা প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে ওই দুটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান। এ সময় নিশ্চিন্তপুর এলাকা থেকে ৩৫০ ফুট এবং ভান্নারা এলাকা থেকে ৫০০ ফুট গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। এতে ওই দুটি এলাকার ৫০০ বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী হাকিম স্নিগ্ধা তালুকদার। এ সময় তাঁকে সহায়তা করেন তিতাসের গাজীপুরের চন্দ্রা শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, শফিউদ্দিন আহাম্মদ, দেলোয়ার হোসেন ও বদরুজ্জামান প্রমুখ।
তিতাস গ্যাসের চন্দ্রা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, দুটি এলাকায় অভিযান চালিয়ে ৫০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।