কালিয়াকৈরে ৮ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিভাগের ৬৩টি পৌরসভায় গতকাল সোমবার মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও কিছু স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোটার তালিকায় গরমিল থাকায় গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এদিকে কেন্দ্র দখলের অভিযোগে মাদারীপুরের শিবচর পৌরসভার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী।কালিয়াকৈর: কালিয়াকৈর পৌরসভার স্থগিত কেন্দ্রগুলো হলো ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দেওয়ান আইডিয়াল কিন্ডারগার্টেনে দুটি কেন্দ্র, চন্দ্রা আইডিয়াল কিন্ডারগার্টেন কেন্দ্র, ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা জেনিথ পি এল কিন্ডারগার্টেনে দুটি কেন্দ্র, পূর্ব চান্দরা আদর্শ কিন্ডারগার্টেন কেন্দ্র ও পূর্ব চান্দরা এ এস আইডিয়াল কিন্ডারগার্টেন কেন্দ্র।উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচন অফিস থেকে সিডি আকারে ভোটার তালিকা (ছবি ছাড়া) সংগ্রহ করেন। অন্যদিকে প্রিসাইডিং কর্মকর্তাদের নির্বাচন অফিস থেকে ভোটার তালিকা (ছবিসহ) সরবরাহ করা হয়। ভোট গ্রহণ শুরুর পর অন্য সব কেন্দ্রে প্রার্থী ও প্রিসাইডিং কর্মকর্তাদের তালিকার মিল থাকলেও ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আটটি কেন্দ্রের তালিকায় গরমিল দেখা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেনিথ পি এল কিন্ডারগার্টেনে ভোটার তালিকায় গরমিল থাকায় ভোটাররা ভোট দিতে গিয়ে ফিরে যান। তবে কেউ কেউ ভোট দিতে পারছেন, এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও র্যাবের সদস্য এবং আর্মড পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর-১) আবদুল বাতেন ফ্যাক্স বার্তায় ওই আটটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করার নির্দেশ দেন।এদিকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মজিবুর রহমান ও আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সিকদার মোশারফ আটটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়ায় একে অন্যকে ও নির্বাচন কর্মকর্তাদের দায়ী করেন।সরিষাবাড়ী: ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন কেন্দ্র থেকে পুলিশ সাত ব্যক্তিকে আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শিমলাপল্লী সাইদুর রহমান তালুকদার রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪০০ ব্যালট পেপার ছিনতাই করে সন্ত্রাসীরা। এ সময় একটি ব্যালট বাক্সও ছিনতাই করা হয়।উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।এদিকে বাঙালি রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় কেন্দ্রটিতে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।শিবচর: কেন্দ্র দখলের অভিযোগে মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন। বিকেল তিনটার দিকে নিজের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের এই ঘোষণা দেন।শাহাদাত হোসেনের অভিযোগ, ১, ৪, ৫, ও ৮ নম্বর ওয়ার্ডের সব কটি কেন্দ্র থেকে তাঁর পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়ে কেন্দ্র দখল করে নেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল লতিফ মোল্লার পক্ষের লোকজন। তাই তিনি নির্বাচন বর্জন করছেন।আবদুল লতিফ মোল্লা বলেন, বিএনপি-সমর্থিত প্রার্থীর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, ভোট বর্জনের মতো কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে।তারাব: ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নবীর হোসেন (২০) নামের যুবলীগের এক কর্মীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে বরাব আদর্শ বিদ্যানিকেতন স্কুলকেন্দ্রে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই কেন্দ্রে ১০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে।এদিকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, মাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গন্ধর্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শওকত আলী এ অভিযোগ অস্বীকার করেন।শেরপুর: ভোট গ্রহণকালে বিভিন্ন অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেরপুর পৌরসভার মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ছয়জন, দমদমা কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন ও ঢাকলহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে আটক করে। বিকেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।এদিকে এক ভোটার অভিযোগ করেন, মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক মেয়র পদপ্রার্থীর পোলিং এজেন্ট সুরাইয়া আক্তার তাঁর প্রার্থীর পক্ষে ভোট দিতে তাঁকে বাধ্য করেন। এই অভিযোগের ভিত্তিতে প্রিসাইডিং কর্মকর্তা মো. আশরাফুল আলম ওই পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বহিষ্কার করেন।কেন্দুয়া: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার দিগদাইর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কম্পিউটারে ছাপানো নমুনা ব্যালট পেপার দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার দায়ে নুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন এ আদেশ দেন।প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নারায়ণগঞ্জ, শেরপুর, কেন্দুয়া (নেত্রকোনা), শিবচর (মাদারীপুর), সরিষাবাড়ী (জামালপুর) ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।