কালিয়াকৈরে 'একটি শপথ' প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণনির্ভর বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র একটি শপথ প্রদর্শন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
দৃষ্টিপাত অডিও ভিশন প্রযোজিত ও মাহমুদ আনোয়ার পরিচালিত প্রামাণ্যচিত্রটি প্রদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, কলেজের অধ্যক্ষ এস এম মোবারক হোসেন প্রমুখ।
প্রামাণ্যচিত্র একটি শপথ-এর পরিচালক মাহমুদ আনোয়ার বলেন, ১৯৭১ সালে ঐতিহাসিক ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি তখন গ্রামগঞ্জের মানুষ কীভাবে শুনেছিলেন আর ভাষণ শোনার পর তাঁদের মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল, তা নিয়ে নির্মিত হয়েছে একটি শপথ।
প্রামাণ্যচিত্রের প্রধান সহকারী পরিচালক শাহজাহান মিয়া বলেন, ঢাকা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার হাওরবেষ্টিত সহরমুল নামক গ্রামের ওই সময়ের পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে একটি শপথ। ২২ মার্চ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশনে প্রামাণ্যচিত্রটি সম্প্রচার করা হবে।