কালিয়াকৈরের একটি কারখানা লে-অফ, আরেকটিতে বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার অ্যাপেক্স হোম টেক্সটাইল গার্মেন্টস নামের একটি কারখানা গতকাল বৃহস্পতিবার লে-অফ (সাময়িক বন্ধ) ঘোষণা করা হয়েছে। বকেয়া বেতনের দাবিতে উপজেলার কারলসুরিচালা এলাকার উইন্টার কালেকশন নামের আরেকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।অ্যাপেক্স হোম টেক্সটাইলের শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, কারখানা কর্তৃপক্ষ গত বুধবার বিকেলে শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধ করে ছুটি দিয়ে দেয়। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার প্রধান ফটকে কারখানা লে-অফ ঘোষণার বিজ্ঞপ্তি দেখতে পান। এতে শ্রমিকেরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে মালিকপক্ষ আগামী ১৪ নভেম্বর ঈদ বোনাস ও ঈদের পরে শ্রমিকদের দাবি করা পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। কারখানার সহকারী ব্যবস্থাপক সৈয়দ মোকাররম হোসেন বলেন, উৎপাদন না থাকায় কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। অবস্থার উন্নতি হলে কারখানা আবারও চালু করা হবে।এদিকে উইন্টার কালেকশন কর্তৃপক্ষ গত বুধবার বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ওই দিন বেতন পরিশোধ না করায় রাত ১০টার পর শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।