
গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল সোমবার গাজী-পুরের কালিয়াকৈর উপজেলার দুটি এলাকায় অভিযান চালিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। এ সময় তিতাসের চন্দ্রা জোনের কয়েকটি এলাকার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গাজীপুরের নির্বাহী হাকিম বদরুদ্দোজার নেতৃত্বে উপজেলার সদরচালা ও ভান্নারা ধোপাচালা এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হয়। এ সময় অন্যদের মধ্যে তিতাসের চন্দ্রা জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী আখেরুজ্জামান ও উপব্যবস্থাপক তোয়াব হোসেন উপস্থিত ছিলেন।
এলাকাবাসী ও তিতাস সূত্র জানায়, বেলা ১১টার দিকে সদরচালা এলাকায় টাওয়ার মার্কেট থেকে ২০-২৫ ফুট পাইপ তুলে ফেলা হয়। এতে প্রায় আড়াই কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ সব গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ভান্নারা ধোপাচালা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে রাখালিয়াচালা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অবৈধ লাইন টানা হয়েছে। ওই লাইনের পাইপের সংযোগস্থলের (আবতাব গার্মেন্টসের পাশে) দুটি স্থানের প্রায় ১০০ ফুট পাইপ তুলে ফেলা হয়। এতে কয়েকটি এলাকার শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গাজীপুরের নির্বাহী হাকিম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলবে। এসব সংযোগ দিতে যাঁরা টাকাপয়সা নিয়েছেন, তাঁরা এবং অবৈধ সংযোগ ব্যবহারকারী—দুই পক্ষের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
তিতাসের চন্দ্রা জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, অভিযান শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে। বাকি পাইপ নিজ দায়িত্বে সরিয়ে না নিলে সেগুলো পর্যায়ক্রমে তুলে ফেলা হবে।
গত রোববার অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে প্রথম আলোর বিশেষ আয়োজন ‘গাজীপুরে ৪০ হাজার অবৈধ গ্যাস-সংযোগ’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।