কালিয়াকৈরের সেই এএসআই প্রত্যাহার
গাজীপুরের কালিয়াকৈর থানার সেই সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হেসেনকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুর পুলিশ সুপারের নির্দেশে আজ শনিবার সকালে তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
গাঁজা সেবনের অভিযোগে গ্রেপ্তার করা আসামির স্বজনদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে জাকির হোসেনের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে কালিয়াকৈর থানার এএসআই জাকির হোসেন আরও দুই কনস্টেবল নিয়ে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকা থেকে আনোয়ারুল নামের এক যুবককে গ্রেপ্তার করেন। তিনি একটি কারখানার বিক্রয় প্রতিনিধি। পরে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার দেখিয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।
এ ঘটনায় ওই দিন রাতে এবং পরদিন ১৩ জানুয়ারি দুই দফায় এএসআই জাকির ১০ হাজার টাকা ঘুষ নেন বলে আসামির স্বজনেরা দাবি করেন। আনোয়ারুলের স্বজনেরা এএসআই জাকিরের সঙ্গে তাঁদের কথোপকথন রেকর্ড করেন। এ ব্যাপারে আজ শনিবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘আসামি ছাড়ি কেমনে’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
খবরটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে আজ সকালে কালিয়াকৈর থানার এএসআই জাকির হোসেনকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।