কালিয়ায় আ.লীগ নেতার ওপর সন্ত্রাসীদের হামলা
নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের এক নেতার হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। গত বুধবার উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার কামরুজ্জামান ওরফে কাকা মোল্যা হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর ভাই নূর ইসলাম জানান, এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী কাকা মোল্যার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। বুধবার বিকেলে কাকা মোল্যা সার ও ডিজেল কেনার জন্য স্থানীয় গাজীরহাট বাজারে যান। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে রাস্তার ওপর ফেলে রেখে যায়। এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। মুঠোফোনে আহত কাকা মোল্যা অভিযোগ করেন, তাঁকে মারপিটের পেছনে ইউপি চেয়ারম্যানের মদদ রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন হামিদপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ। তিনি দাবি করেন, কাকা মোল্যার সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।