কালিয়ায় আরেক পক্ষের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নে (ইউপি) ২৫ মে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলাম (৫৪) হত্যা ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গণি মিয়া বলেন, বদরুল হত্যার ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সুজন শেখ বাদী হয়ে গতকাল মামলাটি করেছেন। মামলায় ৪১ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে দুটি হত্যা মামলায় ৭৩ জনকে আসামি করা হলো। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আগেই সাতজনকে আটক করা হয়। এর মধ্যে সুজন শেখের করা এজাহারে তিনজনের নাম রয়েছে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বদরুল ইসলাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থক ছিলেন। ২৩ মে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ২৫ মে নৌকার সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বদরুল ইসলাম (৫৪), আজিজুর রহমান (৪৮), হানেফ শেখ (৫০), নজরুল ইসলাম (৫০), পারভীন বেগমসহ (৪৫) ১৫ জন জখম হন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বদরুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে তিনি মারা যান।