কালিয়ায় একটি পরিবারের জমি দখলের অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের মহাজন বাজারে একটি পরিবারের জমি দখল করে জোরপূর্বক সেখানে দোকানঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মাউলি ইউনিয়নের মহাজন গ্রামের গৌর কুমার দাশ মহাজন মৌজার ৫২৫ দাগের পৈতৃক জমির ওপর দীর্ঘদিন বসবাস করে আসছেন। লোহাগড়া-মহাজন সড়কের বাড়ির সামনের নিজের জায়গার ওপর গৌর দাশ ইটের গাঁথুনি দিয়ে একটি দোকানঘর নির্মাণ করছিলেন। রাস্তার অপর পাড়ে একই ইউনিয়নের কাঠাধূরা গ্রামের কুদ্দুস মল্লিকের আসবাবপত্রের দোকান। ২০ সেপ্টেম্বর কুদ্দুস মল্লিক কয়েকজন লোক নিয়ে গৌর দাশের ওই দোকান ঘরের ইটের গাঁথুনি ভেঙে ফেলে সেখানে টিনের একটি টংঘর স্থাপন করে জায়গা দখলে নেন। এ ব্যাপারে গৌর দাশ স্থানীয় বড়দিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করায় স্থানীয় মাউলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁর ওপর ক্ষিপ্ত হন। পরে গত বৃহস্পতিবার নড়াগাতি থানায় তিনি একটি লিখিত অভিযোগ দেন। কুদ্দুস মল্লিক দাবি করেন, ক্রয়সূত্রে ওই জমি তাঁর। তবে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। একপর্যায়ে বলেন, দলিল বাড়িতে রয়েছে। এর কিছুক্ষণ পর বলেন, দলিল চেয়ারম্যানের কাছে আছে। চেয়ারম্যান ফিরোজ খান বলেন, ‘গৌর দাশ বিষয়টি আমাকে না জানিয়ে পুলিশকে জানিয়েছেন। এ নিয়ে কয়েকবার বসাবসিও হয়েছে। আমার জানামতে ওই জমি কুদ্দুস মল্লিকের।’ তাঁকেও দলিল দেখাতে বললে তিনি বলেন, এটা সময়ের ব্যাপার।নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছরোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।