কালিয়ায় ক্ষমতাসীন দলের নেতাদের নেতৃত্বে গাছ 'লুট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার ক্ষমতাসীন দলের দুই নেতা সরকারি জমি থেকে ২২টি গাছ কেটে নিয়ে বিক্রি করে দিয়েছেন। কালিয়া-বড়দিয়া সড়কের কামশিয়া কবরস্থানের পাশ থেকে প্রতারণার আশ্রয় নিয়ে গাছগুলো কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এগুলো শ্রমিক দিয়ে কাটা হয়।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, নড়াগাতী থানা সৈনিক লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন নিজের জমির ওপর দাবি করে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে অনুমতিপত্র নিয়ে গাছগুলো কেটেছেন।
তবে ইউএনও শাহীন হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে সার্ভেয়ার দিয়ে ওই এলাকার জমি মাপা হয়। এরপর দেখা যায় গাছগুলো রাস্তার পাশের সরকারি জমিতে ছিল। মিথ্যা দাবি করে ইউপি সদস্য আনোয়ার হোসেন আমার সঙ্গে প্রতারণা করায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা করার জন্য বাঐসোনা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ফিরোজ আহম্মেদ সিকদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’ তবে গতকাল সোমবার ফিরোজ আহম্মেদ ইউএনওর কাছ থেকে মামলা করার নির্দেশ পাননি বলে জানান।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, কালিয়া-বড়দিয়া সড়কের পাশে একটি মেহগনিগাছ কাটা অবস্থায় পড়ে আছে। গাছের কয়েকটি গুঁড়ি স্থানীয় লিটন সিকদারের বাড়ির সামনে রাখা হয়েছে। নড়াগাতী থানাসংলগ্ন একটি করাতকলে দাঁড়িয়ে থেকে বাঐসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য চান মিয়া লস্কর মেহগনিগাছ চেরাই করাচ্ছেন। জানতে চাইলে চান মিয়া লস্কর বলেন, তিনি স্থানীয় কাঠ ব্যবসায়ী টুকু ব্যাপারীর কাছ থেকে ২৫ হাজার টাকা দিয়ে একটি মেহগনিগাছ কিনে চেরাই করাচ্ছেন।
প্রত্যক্ষদর্শী লিটন সিকদার ও আমির হোসেন বলেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন ও আওয়ামী লীগ নেতা চান মিয়া লস্করসহ বেশ কয়েকজন যুবক দাঁড়িয়ে থেকে রাস্তার পাশের গাছগুলো শ্রমিক দিয়ে কাটান।
ইউপি সদস্য আনোয়ার হোসেন দাবি করেন, গাছগুলো তাঁর নিজের জমির ওপর ছিল। ইউএনওর কাছ থেকে অনুমতিপত্র নিয়েই মোট ২২টি গাছ কেটে কাঠ ব্যবসায়ী টুকু মিয়ার কাছে বিক্রি করা হয়েছে। এর মধ্যে চারটি মেহগনিগাছ দুই লাখ টাকায় বিক্রি করা হয়। কিন্তু এখন শুনছি গাছগুলো সরকারি জায়গার ওপর।
বাঐসোনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহম্মেদ সিকদার বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি সদস্য সরকারি জায়গার গাছ বিক্রি করেন। পুলিশ গাছের কয়েকটি গুঁড়ি জব্দ করেছে। গতকাল সোমবার চান মিয়া লস্করের বাড়ি থেকে চেরাই করা কাঠ উদ্ধার করা হয়েছে।