কালিয়ায় গ্রেপ্তার আতঙ্কে তরুণেরা গ্রামছাড়া
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের অধিকাংশ তরুণ গ্রাম ছেড়ে পালিয়েছে। একটি হত্যা মামলায় ওই গ্রামের অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করায় গ্রেপ্তার-আতঙ্কে তারা গ্রাম ছেড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় পহরডাঙ্গা গ্রামের মৃত জাফর সিকদারের ছেলে মিলন সিকদারকে (২১) তাঁর বন্ধু বাগুডাঙ্গা গ্রামের দুলু কাজীর ছেলে ইনজু কাজী ডেকে নিয়ে যায়। পরদিন সকালে তাঁর জবাই করা লাশ পহরডাঙ্গা সড়কের কলাগাছের মধ্য থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত ব্যক্তির চাচা ইকবাল হোসেন বাদী হয়ে নড়াগাতি থানায় হত্যা মামলা করেন। মামলায় ইনজু কাজী, তার ভাই আরিফুল, তাদের বাবা দুলু, ফরিদ মিয়াসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।শুক্রবার সরেজমিনে দেখা গেছে, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করায় গ্রেপ্তার-আতঙ্কে বাগুডাঙ্গা গ্রামের অধিকাংশ তরুণ গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ সুযোগে পহরডাঙ্গা গ্রামের কতিপয় উচ্ছৃঙ্খল যুবক বিভিন্ন বাড়িতে গিয়ে গরু-ছাগল, হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছে। এ ছাড়া তারা জমির ফসলও কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।বাগুডাঙ্গা গ্রামের ইকবাল হোসেন, নুরুল হকসহ কয়েকজনের অভিযোগ, যে ছেলেটাকে হত্যা করা হয়েছে, তাঁর বাড়ি পহরডাঙ্গা গ্রামে। লাশও পাওয়া গেছে পহরডাঙ্গা গ্রামে। কিন্তু মামলার আসামি করা হয়েছে বাগুডাঙ্গা গ্রামের মানুষকে। পুলিশ আসামিদের ধরার জন্য বেশ কয়েকবার গ্রামে অভিযান চালিয়েছে। এ জন্য টুটুল সিকদার, ইমরান হোসেন, রজিবুল ইসলাম, শওকত হোসেন, তরিকুল ইসলামসহ ২৫-৩০ জন তরুণ গ্রাম ছেড়ে পালিয়েছে। পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান আলী সিকদার বলেন, নারীঘটিত কোনো ঘটনায় এ হত্যার ঘটনা ঘটতে পারে। নড়াগাতি থানার উপপরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ইনজু কাজী ও তাঁর পরিবারের অপর সদস্যরা পলাতক রয়েছে। তাদের কাউকে আটক করতে পারলে হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসবে। তাদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।